Take a fresh look at your lifestyle.

সৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

0

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড মহল্লা ও বায়তুন নূর শাহী জামে মসজিদ কমিটির উদ্যোগে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার বাদ জুমা আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ইফতেখার শাহরিয়ার আজমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানার ওসি (তদন্ত) ইউনুস খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন মহল্লা কমিটির সভাপতি মোবারকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাইতুন নূর জামে মসজিদের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আজম উদ্দিন, যুগ্ন সম্পাদক মোহাম্মদ সুলতান উল আলম,ফরিদুল আলম, সৈয়দ মনসুর, মোহাম্মদ সেলিম উদ্দিন, সামিরুল হক,সাংবাদিক সোহেল তাজ, মোশারফ উল আজমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া চিকিৎসক, প্রকৌশলী, সমাজসেবক, ব্যবসায়ী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান
সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকার কোথাও মাদক বিক্রি, সরবরাহ বা সেবনের তথ্য পাওয়া গেলে আইন নিজের হাতে না তুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বক্তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর অপরাধমুক্ত নিরাপদ সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয় উল্লেখ করে বক্তারা বলেন, অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কাউকে হয়রানি বা গুজবের ভিত্তিতে অভিযুক্ত না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার আহ্বান জানানো হয়।

সমাবেশ থেকে “মাদককে না বলুন, সন্ত্রাসকে প্রতিহত করুন নিরাপদ সমাজ গড়ে তুলুন”এই আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সম্মিলিত সামাজিক প্রতিরোধ ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সৈয়দ শাহ রোডসহ পুরো এলাকাকে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।

Leave A Reply

Your email address will not be published.