শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি, কারিগরি শিক্ষার প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে আইএলওর প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক। সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত জানানো হয়।
সভায় আমিরুল হক বলেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে শিল্পের বাস্তব চাহিদাভিত্তিক কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার ঘটানো জরুরি। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী সাধারণ ডিগ্রি অর্জন করলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষ কর্মী পাচ্ছে না। অন্যদিকে শিক্ষিত তরুণ-তরুণীরাও উপযুক্ত চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এই ব্যবধান কমাতে কানাডাসহ উন্নত দেশগুলোর আদলে স্বল্পমেয়াদি পেশাভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি। প্লাম্বিং, পেইন্টিং, কাটিং, সেলাই ও গ্যাস সংযোগের মতো বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত দক্ষ কর্মী তৈরি করা সম্ভব বলে মনে করেন চেম্বার সভাপতি।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পদ্ধতি যুগোপযোগী করার পরামর্শ দেন তিনি। শিল্পের চাহিদা বিবেচনায় দ্রুত সুপারিশমালা তৈরি করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কাছে উপস্থাপনের জন্য আইএলওকে অনুরোধ জানান আমিরুল হক।
তিনি বলেন, সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম চেম্বার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।
সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আইএলওর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, বাংলাদেশ সরকার, শ্রমিক ও মালিক—সব পক্ষের স্বার্থ ও প্রয়োজন বিবেচনায় নিয়ে কাজ করছে আইএলও। সংস্থাটির লক্ষ্য মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মক্ষেত্রের পরিবেশ উন্নত করা।
তিনি জানান, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ স্থাপন, কর্মভিত্তিক শিক্ষার মাধ্যমে তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, দক্ষতা উন্নয়ন এবং শিল্পের চাহিদা অনুযায়ী জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে আইএলও। পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়টিও সংস্থার অগ্রাধিকারে রয়েছে।
ম্যাক্স টুনন আরও বলেন, দেশে বিপুলসংখ্যক শিক্ষিত ও অদক্ষ তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ না পেলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মী খুঁজে পেতে সমস্যায় পড়ছে। এই ব্যবধান কমাতে চট্টগ্রামে কর্মসংস্থান সহায়তা সেবা চালুর উদ্যোগ নিয়েছে আইএলও।
এই সেবার আওতায় চাকরির তথ্য বিনিময়, চাকরিপ্রার্থী ও নিয়োগকর্তার মধ্যে সমন্বয়, ক্যারিয়ার পরামর্শ, ইন্টার্নশিপ এবং কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
আইএলওর কান্ট্রি ডিরেক্টর বলেন, চট্টগ্রামে এ উদ্যোগ সফল হলে দেশের অন্যান্য অঞ্চলেও তা সম্প্রসারণ করা সম্ভব হবে। এ লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার ও এর সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা নিতে আগ্রহী সংস্থাটি।
সভায় আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওয়াসফি তামিম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক শহীদুল আলম, বিজিএমইএর পরিচালক এনামুল আজিজ চৌধুরী ও মো. সাইফুল্লাহ, আইএলওর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পিটার বেলেন, হেড অব প্রোগ্রাম গুঞ্জন দাল্লাকোটি, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজেল আহসান, বিজিএমইএর চিফ কো-অর্ডিনেটর (আইএলও অ্যান্ড লেবার অ্যাফেয়ার্স) এ এন এম সাইফুদ্দিন এবং রিউজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. জামশেদ আলী।
![]()



