রাউজানে সানশেড ধসে প্রাণ গেল শ্রমিকের
সেন্টারিং খুলতে গিয়ে শরীরের ওপর ভেঙে পড়ে নির্মাণাধীন অংশ; ঘটনাস্থলেই মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন সানশেডের সেন্টারিং খুলতে গিয়ে সেটি ধসে মুহাম্মদ সেলিম (৫০) নামে এক রাজমিস্ত্রির সহকারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব উরকিরচর ইউনিয়নের পুরাতন বৈজ্জাখালী, আলা মিয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম পূর্ব উরকিরচর ইউনিয়নের হাতিয়া লাল মিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা। তাঁর আদি বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। বিয়ে করে শ্বশুরবাড়ির এলাকায় বসতি গড়ার পর সেখানেই স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।
কাজের ঠিকাদার মো. জামাল জানান, মিয়া হাট এলাকার জাহাঙ্গীর আলমের একটি সেমিপাকা ঘরের বাউন্ডারি ওয়ালের সঙ্গে পাঁচ দিন আগে সানশেডের ঢালাই দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে সেলিম সেটির সেন্টারিং খুলতে যান। এ সময় নির্মাণাধীন সানশেডের একটি অংশ ভেঙে তাঁর শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঠিকাদার জামাল আরও দাবি করেন, সানশেডের ঢালাই পুরোপুরি শক্ত হওয়ার আগে সেন্টারিং খুলতে নিষেধ করা হয়েছিল। কিন্তু সেই নিষেধ অমান্য করে সেলিম সেন্টারিং খুলতে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতের শ্যালক মনছুরুল আলম জানান, তাঁর বোনকে বিয়ে করে সেলিম পূর্ব উরকিরচর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()