Take a fresh look at your lifestyle.

লেবার রুম না থাকলে বেসরকারি ক্লিনিকের লাইসেন্স বাতিল স্বাস্থ্যমন্ত্রী

0

সিতাজ ডেস্ক: দেশের বেসরকারি স্বাস্থ্যসেবায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নরমাল ডেলিভারির উপযোগী লেবার রুম স্থাপন করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রসূতি মায়েদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আধুনিক লেবার রুম থাকা অপরিহার্য। পাশাপাশি নরমাল ডেলিভারির জন্য প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ নিয়োগও বাধ্যতামূলক করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, গত দুই মাস ধরে সারা দেশে, বিশেষ করে উপজেলা পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মশার লার্ভা ধ্বংসে কার্যক্রম চলছে। আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় লার্ভানাশক ট্যাবলেট সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। কিছুদিন স্যালাইনের সংকট থাকলেও বর্তমানে সরবরাহ স্বাভাবিক রয়েছে।

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, রোগীর জ্বর কমে গেলেও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া যাবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের মতো জটিলতার সম্ভাবনা রয়েছে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.