ভাষা আন্দোলনের বুদ্ধি বৃত্তিক ভিত্তি নির্মাণে অধ্যক্ষ আবুল কাসেমের ভূমিকা ছিল কালজয়ী
নিজস্ব সংবাদ: ভাষা আন্দোলনের স্থপতি, ঐতিহ্যবাহী মিরপুর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা, লেখক, গবেষক, রাজনীতিবিদ এবং চট্টগ্রামের কৃতীসন্তান ভাষাসৈনিক অধ্যক্ষ আবুল কাসেম-এর জন্মদিবস উপলক্ষে ইতিহাসের পাঠশালার উদ্যোগে সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাসের পাঠশালার পরিচালক সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন, পাঠআবর্তের প্রতিষ্ঠাতা-পরিচালক হানিফ মান্নান এবং আলোপথ সম্পাদক সোহেল তাজ, লিটল ম্যাগাজিন ঢোলের নির্বাহী সম্পাদক শরফুদ্দিন মোহাম্মদ সাজিদ প্রমুখ।
বক্তারা বলেন, ভাষাসৈনিক অধ্যক্ষ আবুল কাসেম ছিলেন বাংলা ভাষা, শিক্ষা ও জাতীয় চেতনার এক নির্ভীক অগ্রদূত। ভাষা আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ভিত্তি নির্মাণে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাপ্তাহিক সৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক, সাবেক আইন পরিষদের সদস্য এবং মিরপুর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে শিক্ষা বিস্তার ও সমাজ গঠনে অসামান্য অবদান রাখেন।
আলোচকরা আরও বলেন, রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে অধ্যক্ষ আবুল কাসেমের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ, দেশপ্রেম ও শিক্ষাচিন্তা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। সভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত বক্তারা মহান এই ভাষাসৈনিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর কর্মময় জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানান।
সিতাজ/এস.টি