Take a fresh look at your lifestyle.

ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত

0

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে রিমন দাশ গুপ্ত (৪২)কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

শনিবার (তারিখ অনুযায়ী) দুপুরের দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হলেও তার আচরণে পরিবর্তন আসেনি।

প্রত্যক্ষদর্শী ও নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, শনিবার সকালে মা-বাবা ছেলেকে নিয়ে বাইরে যান। বাড়িতে ফেরার কিছুক্ষণ পর রিমন হঠাৎ ছুরি দিয়ে তার মায়ের ওপর হামলা চালান। স্ত্রীকে রক্ষা করতে গেলে স্বপন দাশ গুপ্তও ছুরিকাঘাতের শিকার হন।

ঘটনাস্থলেই কল্পনা দাশ মারা যান। গুরুতর আহত স্বপন দাশকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে পাঠানোর সময় তিনি মারা যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি জব্দ করা হয়েছে। দুই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সিতাজ24/এস.টি

Leave A Reply

Your email address will not be published.