G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী মারা গেলে অন্তত বিচার চাই

0

অনলাইন ডেস্ক: ঝিনাইদহে সাম্প্রতিক হামলার ঘটনার তিন দিন পর পুরো ঘটনার নিজের বর্ণনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় তার ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

নাসীরুদ্দীনের ভাষ্য অনুযায়ী, তিনি ঝিনাইদহে গিয়েছিলেন প্রয়াত ইসলামি চিন্তাবিদ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের কবর জিয়ারত এবং আস-সুন্নাহ ট্রাস্ট পরিদর্শনের উদ্দেশ্যে। যাত্রাপথে যানজট ও সড়কের পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের পরে পৌঁছে স্থানীয় কোর্ট জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

তার দাবি, নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও ছবি তোলার সময় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মসজিদ এলাকা ত্যাগের সময় একজন সাবেক ছাত্রদল নেতার কাছ থেকে হুমকিমূলক আচরণের মুখোমুখি হন। বিষয়টি গুরুত্ব না দিয়ে এগিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি সহিংস রূপ নেয়।

পোস্টে তিনি উল্লেখ করেন, প্রথমে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এরপর ধাক্কা ও শারীরিক হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে তার সঙ্গে থাকা নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন আহত হন বলেও দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন আরও অভিযোগ করেন, হামলার এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ এবং হকিস্টিক দিয়ে আক্রমণ করা হয়। তিনি বলেন, আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে কয়েকজনের কাছ থেকে লাঠি ও স্টিক উদ্ধার করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, উপস্থিত কিছু পুলিশ সদস্যের আচরণ পক্ষপাতদুষ্ট মনে হয়েছে। একই সঙ্গে ছাত্রদল, যুবদল ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের সম্পৃক্ততার অভিযোগও তোলেন তিনি। তবে স্থানীয় সাধারণ মানুষ সহযোগিতা করেছেন বলেও উল্লেখ করেন।

হামলার পর নিরাপত্তা ও বিচার দাবিতে থানায় যাওয়ার কথাও জানান এনসিপির এই নেতা। তার অভিযোগ, প্রথমদিকে মামলা নিতে অনীহা দেখানো হয় এবং বিভিন্ন প্রশাসনিক কারণ দেখিয়ে বিলম্ব করা হয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অভিযোগ গ্রহণ করা হয় বলে তিনি দাবি করেন।

পোস্টের শেষাংশে আবেগঘন ভাষায় তিনি লেখেন, যদি ভবিষ্যতে তাদের কোনো ক্ষতি হয়, তাহলে যেন বিচার নিশ্চিত করা হয়। একই সঙ্গে তিনি ন্যায়বিচার ও জবাবদিহিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ সামনে আসে। ঘটনার পর তার পক্ষ থেকে ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়।

আরও পড়ুন নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.