ফারুকুর রহমান বিনজু পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়াবাসীদের জন্য ঢাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ‘পটিয়া সমিতি, ঢাকা’ একটি বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছে। এ উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পটিয়া সমিতি ঢাকার সভাপতি আলী নেওয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলামের
সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। তিনি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে এমপি এনামুল হক বলেন, চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার এবং এ ধরনের উদ্যোগ একটি মহৎ কাজ। তিনি পটিয়া সমিতি ঢাকাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
‘পরিবারের সুস্থতা, সমাজের সমৃদ্ধি, দেশের উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চালু হওয়া এ কর্মসূচির আওতায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ সহায়তা, জরুরি স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করা হবে।
এছাড়া ঢাকায় চিকিৎসার জন্য আগত পটিয়ার রোগীদের হাসপাতাল নির্বাচন, বিশেষজ্ঞ চিকিৎসকের তথ্য, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং অসচ্ছল রোগীদের আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থাও থাকবে। স্বাস্থ্যসেবা বিষয়ে তথ্য ও সহযোগিতার জন্য ০১৬২৩-৮৩৮৪১৬ (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পটিয়া সমিতির স্বাস্থ্যসেবা উপ-কমিটিতে দায়িত্ব পালন করছেন দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁদের মধ্যে রয়েছেন ডা. মো. জামালউদ্দিন, ডা. রেহানা আক্তার, ডা. শিহাব আফসার খান, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. মো. আবু তালেব এবং ডা. নাজমুল হুদা।
/এস.টি