G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ফটিকছড়িতে বাস-সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ: বাবা-ছেলে নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে অগ্নিসংযোগ

0

সানিফ চৌধুরী ,ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে আমতল এলাকায় বিআরটিসির (BRTC) একটি দ্রুতগতির চট্টগ্রামগামী বাস বেপরোয়া গতিতে এসে লেন পরিবর্তন করে ভুল পাশে (রং সাইড) চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেলকে বাসটি সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী শাহজাহান ও তার ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা বেশ কয়েকজন যাত্রী মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। তাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটস্থ নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হৃদয়বিদারক এই দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলেই ঘাতক বাসটিকে আটক করে এবং সেটিতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফটিকছড়ি হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.