বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষা বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। বিশেষ করে শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং তাদের সম্ভাবনার বিকাশে মানসম্মত শিক্ষা ও সামাজিক সুরক্ষা গুরুত্বপূর্ণ।
‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে স্বাস্থ্য কূটনীতির গুরুত্বও তুলে ধরেন তিনি। মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও জনকল্যাণমূলক ফাউন্ডেশনগুলোর অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন।
চিকিৎসক হিসেবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, কার্যকর স্বাস্থ্যনীতি, গবেষণা এবং আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় কার্যক্রমের প্রশংসা করে বাংলাদেশে তাদের কাজ আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি। উদীয়মান স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ফাউন্ডেশনটির আরও সহযোগিতা কামনা করেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
![]()



