শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
তুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবী১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রীমানবতার সেবায় নিবেদিত প্রাণ, সমাজকল্যাণে অনন্য এক ব্যক্তিত্ব—কাজী আমান উল্লাহ আমানবিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
জাতীয় ঢাকা

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন

বৈদ্যুতিক ট্রেন
বৈদ্যুতিক ট্রেন
শেয়ার করুন:

দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে পরীক্ষামূলকভাবে বৈদ্যুতিক ট্রেন চালুর পর এ নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটেও ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালানোর সুযোগ তৈরি হবে। এতে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়েছে। এ রুটে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

আসছে ১৬ সেট আধুনিক বৈদ্যুতিক ট্রেন

পাইলট প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে।

এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না। এতে নির্দিষ্ট বিরতিতে ট্রেন চলাচল এবং পরিচালন কার্যক্রম আরও সহজ হবে।

ঢাকা-চট্টগ্রাম রুটে বাড়বে পণ্য পরিবহনের সক্ষমতা

বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ রেলওয়ে। কারণ ঢাকা-চট্টগ্রাম রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে।

প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, এ রুটে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।

তিনি জানান, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়। এটি দেশের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৩ শতাংশ।

অন্যদিকে, ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের লক্ষ্য রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে রেলপথে পণ্য পরিবহনের সক্ষমতা আরও বাড়বে।

রেল অবকাঠামো উন্নয়নে চলছে একাধিক প্রকল্প

বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী অবকাঠামো তৈরিতে বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।

রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা জানান, ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে, টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণ ইতোমধ্যে শেষ হয়েছে।

জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ নির্মাণের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো বৈদ্যুতিক ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বুলেট ট্রেন নয়, ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেনে গুরুত্ব

রেলওয়ে সূত্র জানায়, ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে আপাতত সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছে সরকার।

রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। পাশাপাশি জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ।

তাই অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলকভাবে বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কমবে জ্বালানি নির্ভরতা, দূষণ হ্রাসের সম্ভাবনা

বৈদ্যুতিক ট্রেন চালু হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ হ্রাস পেতে পারে বলে আশা করছে বাংলাদেশ রেলওয়ে।

রফিকুল ইসলাম জানান, নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।

চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণে বদলে যেতে পারে রেল যোগাযোগ

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর পাইলট প্রকল্পকে দেশের বৃহত্তর বৈদ্যুতিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার ভিত্তি হিসেবে দেখছে বাংলাদেশ রেলওয়ে। পরবর্তী বড় সম্প্রসারণের গন্তব্য হিসেবে চট্টগ্রামকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী ও পণ্য পরিবহনে নতুন মাত্রা যুক্ত হতে পারে। একই সঙ্গে দ্রুত যোগাযোগ, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব রেলব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে। তবে চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন চালুর নির্দিষ্ট সময়সীমা এখনো ঘোষণা করা হয়নি।

Loading

Powered by Done 5 Technologies