নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে চট্টগ্রামের কর্ণফুলী থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ দৈনিক আজাদীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন অ্যাডভোকেট এম কামাল উদ্দিন। তার অবস্থানের খবর পেয়ে স্থানীয় লোকজন বাসাটি ঘেরাও করেন। পরে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
কে এই ভাইরাল আইনজীবী এম কামাল উদ্দিন?
আটক এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৬ সালের অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে আলোচনায় আসেন তিনি। একই সঙ্গে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দেন এবং নিজেকে ওই কমিটির সভাপতি হিসেবে পরিচয় দেন।
এ নিয়ে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।
থানায় পুলিশি হেফাজতে, চলছে আইনি প্রক্রিয়া
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ জানান, স্থানীয় জনতা এম কামাল উদ্দিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সিতাজ২৪.কম/এস.টি
![]()



