নিজস্ব প্রতিবেদক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ মামলায় তাঁর স্ত্রী রুকমীলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
মামলার মোট আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং ১৯ জনকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন খালাস পেয়েছেন।
৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ভাইবোনসহ মোট ৩১ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
২০২৫ সালের ২৪ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।
![]()



