মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
জাতীয় বাংলাদেশ

কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

Screenshot 20261117 203505 news
শেয়ার করুন:

ctaj24.com | চাটগাঁর তাজ ডেস্ক

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠকের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগের বিষয়টি সংসদকে অবহিত করেন।

স্পিকার জানান, ড. মুহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা উল্লেখ করে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পৌঁছায়। বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে।

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র পৌঁছানোর পর থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

সংসদ সচিবালয় ও দলীয় সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন প্রবীণ এই রাজনীতিবিদ। চিকিৎসার জন্য বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে তিনি ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পান।

এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষা, প্রশাসন ও জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই প্রবীণ রাজনীতিবিদের পদত্যাগের মধ্য দিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে নতুন করে উপনির্বাচনের প্রক্রিয়ার বিষয়টি সামনে এসেছে।

সংবিধানের বিধান অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে সাধারণভাবে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

সিতাজ২৪.কম/এসে.টি

Loading

Powered by Done 5 Technologies