Take a fresh look at your lifestyle.

ইতালিতে করোনাভাইরাসে ১ বাংলাদেশি আক্রান্ত

0

 

ইতালির মিলানে বসবাস করা এক বাংলাদেশী নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বুধবার (৪ মার্চ) ইনস্টিটিউটের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের এ তথ্য জানান। এ নিয়ে তিন দেশে মোট ছয়জন বাংলাদেশির এ ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তাদের মধ্যে দুইজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
আইইডিসিআরের পরিচালক জানান, ইতালিতে একজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি অসুস্থ, কিন্তু মাইল্ড অসুস্থ। তিনি বাসাতেই আছেন, বাসায় রেখেই তার চিকিৎসা করা হচ্ছে।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশের বিমানবন্দরে ইরান, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা আপাতত স্থগিত রাখা হয়েছে। ফলে কেউ আসতে চাইলে তাদের আগেই নিয়ম মাফিক ভিসার আবেদন করতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এমন কোনো দেশে আপাতত জরুরি প্রয়োজন ছাড়া না যেতে এবং সেসব দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে না আসাতার আহ্বান জানান অধ্যাপক ফ্লোরা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে কোনো তথ্য সরকার গোপন করছে না। রোগী বা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলে সাথে সাথে জানানো হবে।

এর আগে সিঙ্গাপুরে পাঁচ প্রবাসী বাংলাদেশি এবং সংযুক্ত আরব আমিরাতে একজন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়া দুজন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন বলে গত শনিবার আইইডিসিআর থেকে জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.