G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ট্রাম্পের বাসভবনে গোয়েন্দা সংস্থা এফবিআই অভিযান

0

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) গোয়েন্দারা। এ ঘটনাকে ‘জাতির জন্য কালো দিন’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। খবর বিবিসির।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, পাম বিচে তাঁর ‘মার-এ-লাগো’ বাসভবন ‘এফবিআই সদস্যদের একটি বড় দল নিয়ন্ত্রণে নিয়েছিল’। এই তল্লাশি অভিযান ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র ব্যবস্থাপনাসংক্রান্ত তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

ট্রাম্প যখন ২০২৪ সালে সম্ভাব্য তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন, তখনই তাঁর বিষয়ে আইনি তদন্ত বেড়ে যাওয়ার ঘটনাটি ঘটল।

যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার এ অভিযান চালানো হয়। ওই সময় ট্রাম্প নিউইয়র্কে ‘ট্রাম্প টাওয়ারে’ অবস্থান করছিলেন। তিনি বলেন, ‘এ ঘটনা আমাদের জাতির জন্য কালো দিন’।

সাবেক প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্প বলেন, ট্রাম্পের ‘মার-এ-লাগো’ বাসভবনে এফবিআইয়ের তল্লাশিপরোয়ানা বাস্তবায়নের বিষয়টি ন্যাশনাল আর্কাইভসে নথিপত্র ব্যবস্থাপনা তদন্তের সঙ্গে সম্পর্কিত।

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা ন্যাশনাল আর্কাইভস প্রেসিডেন্টের দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ করে থাকে। ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র ব্যবস্থাপনার বিষয়টি তদন্ত করতে গত ফেব্রুয়ারিতে বিচার বিভাগের প্রতি আবেদন জানায় সংস্থাটি।

ন্যাশনাল আর্কাইভস জানায়, তারা ‘মার-এ-লাগো’ থেকে ১৫টি বাক্স পুনরুদ্ধার করেছে। এসব বাক্সের কয়েকটিতে স্পর্শকাতর অতি গোপনীয় নথিপত্র ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের সব চিঠি, কাজের নথি ও ই–মেইল ন্যাশনাল আর্কাইভসে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধভাবে অনেক নথি ছিঁড়ে ফেলেছেন।

সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট তার বাড়িতে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখতে পারেন এমন ঘটনার তদন্তে এফবিআইয়ের সদস্যরা ‘সার্চ ওয়ারেন্ট’ নিয়ে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে গেছেন।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.