G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

জগৎবিখ্যাত কবি মির্জা গালিবের ১৫৭তম  মৃত্যুবার্ষিকী স্মরণে সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

0

চট্টগ্রাম নগরীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো উর্দু-ফারসি সাহিত্যের অমর কবি, মরমী চিন্তার জগৎবিখ্যাত প্রতিভা মির্জা আসাদুল্লাহ খাঁ গালিবের ১৫৭তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের লেকচার হলে দি একাডেমি অব হিস্ট্রি বাংলাদেশ (ইতিহাসের পাঠশালা)-এর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘শায়েরে আ’লা মির্জা গালিব সন্ধ্যা’ শীর্ষক স্মরণানুষ্ঠান।

অনুষ্ঠানে কবিতা পাঠ, মির্জা গালিবের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, গবেষণা প্রবন্ধ উপস্থাপন, সংগীত পরিবেশনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। কবি গালিবের দর্শন, প্রেম, বেদনা ও মানবতাবাদী চেতনার নানা দিক তুলে ধরেন বক্তারা।

দি একাডেমি অব হিস্ট্রি বাংলাদেশের সম্পাদক ও পরিচালক সোহেল মোহাম্মদ ফখরুদ-দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ। মুখ্য আলোচক ছিলেন প্রবীণ কবি চৌধুরী গোলাম রাব্বানী।

কবি মির্জা গালিবের জীবন ও সাহিত্যকর্মের উপর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক, গবেষক ও গ্রন্থপ্রণেতা মো. কামাল উদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন কবি অধ্যক্ষ সিহাব উদ্দিন চৌধুরী, প্রবীণ সাংবাদিক সাইফুদ্দিন,

লেখক লায়ন দুলাল কান্তি বড়ুয়া, প্রবীণ গবেষক আহমদ হোসেন, কবি ও শিক্ষাবিদ  কুতুবউদ্দিন বখতিয়ার, বাচিক শিল্পী মেজবাহ চৌধুরী এবং মোহাম্মদ মুদ্দাসিসর হাসান, মির্জা মোহাম্মদ আফরান উদ্দিন, দেলোয়ার হোসেন মানিকসহ অনেকে।

বক্তারা বলেন, কবি মির্জা গালিব কেবল উর্দু-ফারসি কবিতার নক্ষত্র নন, তিনি বিশ্বমানবতার কবি। তাঁর কবিতায় প্রেম, দর্শন, আধ্যাত্মিকতা ও জীবনবোধের যে গভীরতা প্রকাশ পেয়েছে, তা আজও সাহিত্যপ্রেমীদের অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানের একপর্যায়ে গালিবের সাহিত্য ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট লেখক ও গবেষক মোহাম্মদ কামাল উদ্দিন এবং শিক্ষাবিদ-ইতিহাসবিদ ড. অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহকে ‘মির্জা গালিব সাহিত্য সম্মান পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়।

সাহিত্যপ্রেমী, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক স্মরণীয় সাহিত্য-সাংস্কৃতিক মিলনমেলায়।

সিতাজ২৪.কম/এসে.টি

Leave A Reply

Your email address will not be published.