G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

আগ্রাবাদে হামলায় সরকারি ৩ কর্মচারী আহত

0

নিউজ ডেস্ক : চট্টগ্রামের আগ্রাবাদে মাদকাসক্তদের হামলায় তিনজন সরকারি কর্মচারী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৩মে) সকালে পোস্ট অফিস উত্তর কলোনির ঝুঁকিপূর্ণ এইচ-৯ ভবনটির কার্নিশ ভাঙ্গা হচ্ছিল। সাউথল্যান্ড সেন্টার সংলগ্ন মৌলবী পাড়া সংযুক্ত সড়কটির পথচারীদের নিরাপত্তার স্বার্থে পরিত্যক্ত ভবনটির কার্নিশ ভাঙ্গার কাজ চলাকালে এই হামলার ঘটনা ঘটে। প্রতিদিন কয়েক হাজার মানুষ সড়কটি ব্যবহার করেন।

আগ্রাবাদস্থ পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় সূত্রে জানা যায়, পোস্ট অফিস উত্তর কলোনির পেছনের দিকের এই ভবনটি পরিত্যক্ত হওয়ায় প্রতিদিন সন্ধ্যার পর কিছু স্থানীয় মাদকসেবি দেয়াল টপকে ভবনটিতে ঢুকে মাদক সেবন করে।

পরিত্যক্ত তিনতলা ভবনের ছাদের কার্নিশের একটি ছোট অংশ গত কয়েকদিন আগে গভীর রাতে ভেঙ্গে মৌলবী পাড়া সংযুক্ত সড়কটিতে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

এ ঘটনার পর পথচারীদের নিরাপত্তার স্বার্থে পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় তিনতলা ভবনের ছাদের পরো কার্নিশ ভেঙ্গে ফেলা বা ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়।

বুধবার সকালে কার্নিশ ভাঙ্গার কাজ চলার সময় কয়েকজন মাদকসেবি কাজে নিয়োজিত শ্রমিক ও ঘটনাস্থলে উপস্থিত পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয়ের প্রতিনিধিদের ওপর হামলা চালায়। তাদের ইটপাটকেল নিক্ষেপে প্রধান সহকারী ইমারত মোকতার আহমেদ (৫৮) মাথায় গুরুতর জখম হন। তাছাড়া মাঈনুদ্দিন মিয়া (৪৬) সিআই ও শংকর কুমার দাশ (৪৫) আহত হন। তাদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার প্রেরণ করা হয়।

জানা যায়, ভবনটির ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল পূর্বাঞ্চল, চট্টগ্রাম, ড. মোহাম্মদ নিজাম উদ্দীন গত ৬মে ২০২৬ গণপূর্ত জোন, চট্টগ্রাম এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী বরাবর চিঠি প্রেরণ করেছেন।

ঘটনার ব্যাপারে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (তদন্ত) খন্দকার শাহ নুর সাব্বির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.