অনলাইন ডস্কে: পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ (সোমবার) থেকে শুরু হয়েছে। ৮ জিলহজ মিনায় হাজিদের অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সৌদি আরবের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা মিনায় পৌঁছেছেন।
বাংলাদেশি হজযাত্রীদের মিনায় পৌঁছে দেওয়ার প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন।
শরিয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ মিনায় অবস্থানকালে হাজিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। এরপর ৯ জিলহজ আরাফাতের ময়দানে যাবেন, যেখানে অবস্থান করাকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। এ বছর আরাফাতে হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।
আরাফাতে অবস্থান শেষে হাজিরা সূর্যাস্তের পর মুজদালিফায় রওনা হবেন। সেখানে রাতযাপন শেষে ১০ জিলহজ মিনায় ফিরে বড় জামরায় কঙ্কর নিক্ষেপ, কোরবানি এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা শেষে মিনার কার্যক্রম শেষ হবে।
এ বছর বিশ্বজুড়ে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসল্লি হজে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
/এস.টি