অনলাইন ডেস্ক: তিনটি হত্যা মামলায় কারাবন্দি অবস্থায় থাকা সাতক্ষীরা জেলা জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ মারা গেছেন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। এর আগে রাত ৩টার দিকে তিনি কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দুলাল কর্মকার জানান, অসুস্থ হয়ে পড়ার পরই তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা চলাকালেই ভোরে তার মৃত্যু ঘটে।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আনার পর চিকিৎসা চললেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ সাতক্ষীরা সদর উপজেলার কামার বায়সা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একসময় জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টা এবং আইনজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
তার বিরুদ্ধে অতীতে আদালতপাড়া নিয়ন্ত্রণ, অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল বলেও জানা যায়। ২০২৪ সালের পর একাধিক হত্যা ও নাশকতার মামলায় তার নাম যুক্ত হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/এস.টি