G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ঈদে নিরাপত্তায় জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

0

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা ভঙ্গের যেকোনো ঘটনার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সকালে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থার কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্ত্রী জানান, ঈদকে ঘিরে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত মহাসড়ক, পশুর হাট, পদ্মা সেতু, যমুনা সেতু এবং গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়েগুলোতে বাড়তি নজরদারি থাকবে। যেখানে সিসিটিভি নেই, সেখানে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

তিনি দাবি করেন, আগের বছরের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কম হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী পরিবহন ও অসচেতন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অনুমোদনহীন পশুর হাটের বিরুদ্ধে অভিযান চলছে এবং জাল নোট প্রতিরোধে পশুর হাটগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কিছু এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, যৌথ অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ছাড়া যমুনা সেতুর টোল প্লাজায় যানজট কমাতে ডিজিটাল টোল ব্যবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবেচনার পরামর্শ দেওয়া হবে বলেও জানান তিনি।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.