G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ

0

নিউজ ডেস্ক:  ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একদল গ্রাহক। সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।

সকালে ব্যানার-ফেস্টুন নিয়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। তারা নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। পরে বিক্ষোভকারীরা অবস্থান অব্যাহত রাখলে পুলিশ লাঠিচার্জ করে। একই সঙ্গে জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়।

পুলিশি অভিযানের পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও কিছু সময় পর তারা পুনরায় ব্যাংক এলাকার আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। তাদের দাবি, নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ ব্যাংকের স্বচ্ছতা ও সুশাসন নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এ কারণেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.