জাতিসংঘে ছয় দফা কর্মপরিকল্পনা ঘোষণা করলেন খলিলুর রহমান
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম বক্তব্যে বৈশ্বিক শান্তি, টেকসই উন্নয়ন, মানবাধিকার এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে ছয়টি কর্মস্তম্ভভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে দেওয়া ভাষণে তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের আস্থা ও সমর্থনের কারণেই তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। দায়িত্বটিকে তিনি বিনয় ও গভীর শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছেন বলেও উল্লেখ করেন।
ড. খলিলুর রহমান তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রচারণাকালে সহযোগিতা করা দেশের জনগণ, তাঁর টিম এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি বলেন, জাতিসংঘ এমন এক সময়ে নবম দশকে প্রবেশ করছে, যখন বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত, মানবিক সংকট এবং উন্নয়ন অগ্রগতির স্থবিরতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার ক্ষেত্রেও উদ্বেগজনক পশ্চাদপসরণ দেখা যাচ্ছে।
তিনি জানান, তাঁর নেতৃত্বে শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার, আর্থিক সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া হবে।
শান্তি ও নিরাপত্তা বিষয়ে তিনি বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, সংঘাত প্রতিরোধ, রাজনৈতিক সমাধান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, ২০৩০ এজেন্ডার লক্ষ্য অর্জনে এখনও বড় ধরনের ঘাটতি রয়েছে। এ ব্যবধান কমাতে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এছাড়া এসডিজি অর্থায়ন বৃদ্ধি, ঋণের স্থায়িত্ব নিশ্চিতকরণ, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সংস্কার এবং নারী ও কন্যাশিশুদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়নেও বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি।
বিশ্লেষকদের মতে, খলিলুর রহমানের ঘোষিত কর্মপরিকল্পনা জাতিসংঘের সামনে থাকা সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুসংগঠিত রূপরেখা হিসেবে বিবেচিত হতে পারে।
/এস.টি