সানিফ চৌধুরী, হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার নূরআলী মিয়ার হাট বাজারে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন পৌরসভা এলাকার সিএনজি চালক মো. সোলায়মান (৫৫), তার শাশুড়ি সকিনা বেগম (৬৫), একই পরিবারের হোসনেয়ারা বেগম (৪৫) এবং আবদুল হালিম। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসাধীন অবস্থায় সকিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা এবং চলমান কয়েকটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি সিএনজি চালিত অটোরিকশা, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাটহাজারী-ফটিকছড়ি মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও সড়কে ডিভাইডার স্থাপনের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। ফলে প্রায়ই এই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।
/এস.টি