সিতাজ অনলাইন ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে সুইডেনের জাতীয় ফুটবল দল। মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়া জাতীয় ফুটবল দল কে ৫-১ গোলে বিধ্বস্ত করে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে সুইডিশরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। এর ফলও পেয়ে যায় দ্রুত। সপ্তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন ইয়াসিন আয়ারি। তিউনিশীয় বংশোদ্ভূত হওয়ায় গোল করার পর কোনো উদযাপন করেননি তিনি।
এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার ইসাক। আক্রমণে তার সঙ্গে দারুণ সমন্বয় গড়ে তোলেন ভিক্টর গিওকেরেস। প্রথমার্ধজুড়ে আধিপত্য বিস্তার করলেও বিরতির ঠিক আগে ম্যাচে ফেরার আভাস দেয় তিউনিশিয়া। ৪৫ মিনিটে হেড থেকে গোল করে ব্যবধান ২-১ করেন ওমর রেকি।
দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সুইডেন। ৫৯ মিনিটে তিউনিশিয়ার অধিনায়ক এলিস স্খিরি
-র ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ভিক্টর ইয়োকেরেস।
ম্যাচের ৮৪ মিনিটে বদলি হিসেবে নেমে গোলের দেখা পান
ম্যাটিয়াস সভানবার্গ। প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল হলেও ভিএআর পর্যালোচনার পর সেটি বৈধ ঘোষণা করা হয়।
অতিরিক্ত সময়ে আবারও জ্বলে ওঠেন ইয়াসিন আয়ারি। বক্সের বাইরে থেকে নেওয়া অসাধারণ শটে নিজের দ্বিতীয় গোল এবং দলের পঞ্চম গোলটি করেন তিনি। তার জোড়া গোলে বড় জয় নিশ্চিত হয় সুইডেনের।
ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করেন ভিক্টর ইয়োকেরেস। অন্যদিকে আলেকজান্দার ইসাক একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের দুর্দান্ত আক্রমণভাগের সামনে পুরো ম্যাচে অসহায় দেখিয়েছে তিউনিশিয়ার রক্ষণভাগকে।
এই বড় জয়ের ফলে গ্রুপ ‘এফ’-এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সুইডেন। বিশ্বকাপের শুরুতেই এমন দাপুটে পারফরম্যান্স দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।
সিতাজ/এএএটি