G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ব্রাজিল–জাপান মহারণ আজ রাত ১১টায়

সতর্ক সেলেসাও শিবির

0

স্পোর্টস ডেস্ক:  বিশ্বকাপের শেষ ৩২ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই ভিন্ন ধারার দুই শক্তি—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম সেরা দল জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ফর্ম দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। অন্যদিকে গ্রুপ ‘এফ’ থেকে রানার্সআপ হয়ে শেষ ৩২-এ উঠেছে জাপান। দাইচি কামাদা ও আয়াসে উয়েদার মতো খেলোয়াড়দের পারফরম্যান্সে জাপানও আত্মবিশ্বাসী।

পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১১টি ম্যাচে, দুটি ড্র হয়েছে এবং জাপান পেয়েছে একটি জয়। তবে সর্বশেষ সাক্ষাতে ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান, যা এবারও সেলেসাওদের সতর্ক করে রাখছে।

ব্রাজিলের সাবেক কিংবদন্তি জিকোও সতর্কবার্তা দিয়েছেন। তাঁর মতে, জাপান বড় দলের বিপক্ষে সবসময়ই চমক দেখানোর সক্ষমতা রাখে। তাই ম্যাচটিকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই।

১৯৯৮ সালের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই অংশ নিচ্ছে জাপান। এরই মধ্যে চারবার নকআউট পর্বে জায়গা করে নেওয়া দলটি ২০২২ বিশ্বকাপে জার্মানি ও স্পেনকে হারিয়ে বিশ্ব ফুটবলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। এবার তাদের লক্ষ্য ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করা।

তবে জাপানের বড় দুর্বলতা হিসেবে দেখা দিয়েছে লিড ধরে রাখতে না পারা। গ্রুপ পর্বে একাধিক ম্যাচে এগিয়ে থেকেও দ্রুত গোল হজম করেছে তারা। নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে ব্রাজিলের বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

সব মিলিয়ে আজকের ম্যাচটি বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে। ব্রাজিল তাদের ঐতিহ্য ধরে রাখতে চাইবে, আর জাপান চাইবে নতুন ইতিহাস লিখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.