প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক রবিউল হোসেনের মৃত্যু
রবিবার সকাল ৯টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা
নিজস্ব সংবাদ: দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। শনিবার দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি দুই ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অধ্যাপক রবিউল হোসেন দেশের চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধে অসামান্য অবদান রেখে গেছেন। ১৯৭৩ সালে তাঁর উদ্যোগে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সমিতির ভ্রাম্যমাণ চক্ষুশিবিরের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের লাখো মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পান।
১৯৮৩ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে তাঁর প্রতিষ্ঠিত চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এছাড়া অপটোমেট্রি শিক্ষা সম্প্রসারণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজি প্রতিষ্ঠায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁর অবদান স্বীকৃত হয়েছে। এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজি এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব ব্লাইন্ডনেসসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। চিকিৎসা ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য দেশ-বিদেশে বহু সম্মাননায় ভূষিত হন।
আজ বাদ এশা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকালে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং মিরসরাইয়ের নিজ এলাকায় শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সিতাজ/এস.টি/এম.কে