G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামে ফুটপাত দখল ও চাঁদাবাজির নেটওয়ার্ক, বাড়ছে জনদুর্ভোগ

0

নিজস্ব সংবাদ : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা এবং চাঁদা আদায়ের অভিযোগ ক্রমেই প্রকট হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে সংঘবদ্ধ চক্র হকার, ভ্যান ও ভাসমান দোকান বসিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ আদায় করছে। এর ফলে একদিকে নগরবাসীর চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে যানজটও তীব্র আকার ধারণ করছে।

সরেজমিনে দেখা গেছে, আগ্রাবাদ, জিইসি মোড়, নিউ মার্কেট, জামালখান, আন্দরকিল্লা, চকবাজার, বহদ্দারহাট, স্টেশন রোড, মুরাদপুর, লালদিঘি, কোতোয়ালীসহ নগরীর বেশিরভাগ ব্যস্ত এলাকায় ফুটপাতের বড় অংশ দখল হয়ে আছে। কোথাও স্থায়ী টেবিল বসিয়ে ব্যবসা চলছে, আবার কোথাও সারিবদ্ধ ভ্যানগাড়িতে গড়ে উঠেছে অস্থায়ী বাজার। ফলে পথচারীদের অনেক ক্ষেত্রে সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে।

বিশেষ করে জিইসি মোড়, উইম্যান কলেজ এলাকা, জামালখান, চকবাজার এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় ফুটপাত ও সড়কের একাংশ দখলের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যস্ত সময়ে এসব এলাকায় দীর্ঘ যানজট নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি, প্রতিটি ভাসমান দোকান থেকে প্রতিদিন ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। নির্ধারিত অর্থ পরিশোধ না করলে অনেক ব্যবসায়ীকে সেখানে বসতে দেওয়া হয় না বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সড়ক ও ফুটপাত উন্নয়নে বিপুল সরকারি বিনিয়োগ হলেও অবৈধ দখল এবং নিয়ন্ত্রণহীন হকার ব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ সেই উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে যানজট নিরসনে নেওয়া বিভিন্ন উদ্যোগও কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না।

নগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফুটপাত ও সড়ক দখলের কারণে ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। তবে এসব দখল উচ্ছেদে প্রশাসনিক সিদ্ধান্ত প্রয়োজন হওয়ায় পুলিশের এককভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.