G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

এইচএসসি ২০২৬ প্রথম দিন: অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

0

অনলাইন ডেস্ক: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ২০২৬ সালের পরীক্ষা দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে শুরু হয়েছে। প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ না নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৮৪ জন। একই সঙ্গে অসদুপায়ের অভিযোগে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ছিলেন ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। ফলে অনুপস্থিতির হার ছিল প্রায় ২ দশমিক ১ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি দেখা গেছে ঢাকা বোর্ডে, যেখানে ৩ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। এছাড়া রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অসদুপায় অবলম্বনের দায়ে সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ জন রয়েছেন। তবে কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের কুরআন মাজিদ পরীক্ষায় ৮০ হাজার ৬৫৩ জন অংশগ্রহণ করেন। এ বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং একজনকে বহিষ্কার করা হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। সেখানে ৩ হাজার ৭৩ জন অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে দেশের বাইরেও ৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.