সিতাজ ডেস্ক: মিয়ানমারের চলমান সংঘাতের কারণে নতুন করে অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হওয়ায় সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রোববার (৫ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মিয়ানমার সীমান্তের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।
সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে লক্ষ্য করে দেশটির সেনাবাহিনীর সামরিক অভিযান তীব্র হয়েছে। এর ফলে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতির ওপর সরকার সার্বক্ষণিক নজর রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ না ঘটে।
এদিকে, বাংলাদেশে আরাকান আর্মির প্রধান চিকিৎসা নিয়েছেন এমন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, এ ধরনের কোনো তথ্য তার কাছে নেই। তিনি জানান, এ বিষয়ে সরকারিভাবে তার কাছে কোনো তথ্য পৌঁছায়নি।
সিতাজ/এস.টি