Take a fresh look at your lifestyle.

জামায়াতের টিকে থাকতেও বিএনপির ক্ষমতায় থাকা দরকার-রাশেদ খাঁন

0

নিউজ ডেস্ক: বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, জামায়াত-শিবিরের রাজনৈতিক টিকে থাকার স্বার্থেও বিএনপির ক্ষমতায় থাকা প্রয়োজন। রোববার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে জারি করা নতুন প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে রাশেদ খাঁন বলেন, এটি রাষ্ট্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার দাবি, সরকারি দপ্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবিও ব্যবহার করা হচ্ছে না, যা রাষ্ট্র পরিচালনায় নতুন সংস্কৃতির প্রতিফলন।

তিনি আরও বলেন, জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন। বর্তমান সরকার অল্প সময়ের মধ্যেই প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ‘জুলাই জাতীয় সনদ’-এর অঙ্গীকারগুলো ধাপে ধাপে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘাত রাষ্ট্রের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। বিএনপি ব্যর্থ হলে অন্য কোনো রাজনৈতিক দল সরকার পরিচালনায় সফল হবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তার মতে, বিরোধী দলগুলোর আরও সময় নিয়ে নিজেদের সাংগঠনিকভাবে প্রস্তুত করা উচিত।

তিনি দাবি করেন, রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে আওয়ামী লীগ। তার ভাষ্য, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে বিরোধী রাজনৈতিক দলগুলো আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে জামায়াত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই জামায়াত-শিবিরের টিকে থাকার স্বার্থেও বিএনপির ক্ষমতায় থাকা প্রয়োজন।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.