নতুন বাংলাদেশ গঠনে সামাজিক আন্দোলনের ডাক : মির্জা ফখরুল
সিতাজ ডেস্ক: লালমনিরহাট থেকে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে সামাজিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংগ্রামের নতুন অধ্যায়ের পাশাপাশি এখন প্রয়োজন মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা।
শনিবার বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুলের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে দেশ নতুন একটি সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছেছে। এখন সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি নিরাপদ, মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বিশেষভাবে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া মাদকের বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
তিস্তা মহাপরিকল্পনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে। তবে উন্নয়নের পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধেও সমান গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। আয়োজকদের পক্ষ থেকে সামাজিক অপরাধ দমনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে বাল্যবিয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা এই র্যালির মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
সিতাজ/এস.টি