Take a fresh look at your lifestyle.

চট্টগ্রামে ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

হাফেজ আহমদ (রাহ.) শাহ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম শহরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৮টায় নগরের লালখান বাজার সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকার সীরাতপ্রেমী আলেম-ওলামা, বিশিষ্ট ব্যক্তিবর্গ,

সমাজসেবক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সীরাত মোতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সীরাত মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আব্দুল মালেক মু. ইবনে দিনার নাজাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম আব্দুল কাদের,

অধ্যাপক ড. এনামুল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিরেক্টর (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) সাদাত জামান খান মারুফ, চুনতী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জেইউএম বাবর হোসাইন সিদ্দিকী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, তামাকুন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মাহমুদুল হক প্রমুখ।

মো. আব্দুল আজিজ শোয়েব ও এএইচএম শাকিলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সুলতানুল হক আফফান, নাতে রাসুল (সা.) পরিবেশন করেন তাকরিম খান সিদ্দিকী। বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, শিক্ষা ও সুন্নাহ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে চুনতীর ঐতিহ্যবাহী সীরাত মাহফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ ১৯ দিনব্যাপী এ আন্তর্জাতিক মাহফিলকে সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন আবু দাউদ মো. শাহ শরিফ। শাহজাদা আব্দুল মালেক মু. ইবনে দিনার নাজাতের সমাপনী মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের পাশাপাশি ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)-এর সার্বিক সফলতা কামনা করা হয়।

উল্লেখ্য, ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) আগামী ২৫ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চট্টগ্রামের চুনতীতে অনুষ্ঠিত হবে। মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ ঐতিহাসিক আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং সীরাতপ্রেমী মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

সিতাজ২৪/এস.টি

Leave A Reply

Your email address will not be published.