G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আসছে হরতাল

0

 

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রতি কিলোমিটারে দূরপাল্লার বাস ও মহানগরে ভাড়া বাড়িয়েছে সরকার। গণপরিবহনের ভাড়া ২৬ শতাংশ বাড়ানোর এই সিদ্ধান্ত আগামীকাল সোমবার (৮ নভেম্বর) থেকে কার্যকর হচ্ছে। এর প্রতিক্রিয়ায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বামধারার রাজনৈতিক দলগুলো সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে।

আগামীকাল সোমবার এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। রাজপথের প্রধান বিরোধীদল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এই হরতালে সমর্থন জানাতে পারেও বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এ ব্যাপারে বামগণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ বলেন, ‘হরতাল কর্মসূচি দেওয়ার বিষয়টি মাথায় রয়েছে। এ নিয়ে আলোচনাও হচ্ছে। সোমবার প্রোগ্রাম শেষে বৈঠক করে আমরা সিদ্ধান্ত নেব। সরকার আজ তেল ও ডিজেলের দাম বাড়িয়েছে, কাল বিদ্যুতের দাম বাড়াবে। এভাবে বসে থাকা যায় না। এর প্রতিবাদ করতে হবে। ’
একই ইঙ্গিত দিয়েছেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও। তিনি বলেছেন, ‘হরতালের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সোমবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্সূচির পর আমরা ফের আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ গণফোরাম নেতা অধ্যাপক আবু সাঈদ জানান, হরতাল আহ্বান করলে আমরা বৈঠক করে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারি। যৌক্তিক আন্দোলনে সমর্থন না দেয়ার তো কোনো কারণ নেই।

এদিকে সিপিবি নেতা আবদুল্লাহ আল কাফী রতন জানান, সারাদেশে হরতালের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাল জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্সুচির পর এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত ৪ নভেম্বর লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা করে বাড়ানো হয়। আর সেই বাড়তি দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া ২৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয় আজ রবিবার। এদিন জ্বালানি বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাস ও ঢাকা মহানগরে বাসের ভাড়া প্রায় সাড়ে ২৬ শতাংশ বাড়ানো হয়। তবে সিএনজিচালিত বাসের ভাড়া আগের মতোই থাকছে।

দূরপাল্লার বাসের ভাড়া আগে ছিল প্রতি কিলোমিটার ১ টাকা ৪২ পয়সা, এসব বাসের নতুন ভাড়া হবে প্রতি কিলোমিটার ১ টাকা ৮০ পয়সা। এছাড়া ঢাকা মহানগরে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। ঢাকার মধ্যে বাসের ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা। এছাড়া ঢাকায় মিনিবাসে সর্বনিম্ন ৮ টাকা ও বাসে সর্বনিম্ন ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বাসের পরে লঞ্চভাড়াও বাড়ানো হয়েছে। সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানোর পর ধর্মঘট প্রত্যাহার করেছেন তারা। লঞ্চের ভাড়া ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। এতে লঞ্চে প্রতি কিলোমিটার ৬০ পয়সা বেড়েছে আর জনপ্রতি সর্বনিম্ন ভাড়া দাঁড়িয়েছে ৩০ টাকা।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.