ঢাকা প্রতিনিধি: রাজধানীর গুলশান নিকেতনের একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে মাসরুর আহমেদ (২৩) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রবিবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসরুরের খালু আতিকুর রহমান জানান, মাসরুর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছিল। আজ সকাল সাড়ে ৬টার দিকে গুলশান– ১ নিকেতনের বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হয় সে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্হায় মারা যায় মাসরুর।তিনি আরও জানান, মাসরুরের গ্রামের বাড়ি বগুড়ায়। তার বাবার নাম আব্দুল্লাহ আল নাকি। নিকেতনের ৩ নম্বর সড়কের ১২৯ নম্বর বাসায় বোনের বাড়িতে থাকতো সে। এখানে থেকেই পড়াশোনা করতো।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সি-তাজ২৪.কম/এস.টি