G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

0

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের দেওতলা গ্রামে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে এক অসহায় পরিবারের একমাত্র আয়ের সম্বল। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি মোঃ আলম প্যারালাইসিসে আক্রান্ত এবং দুইবার স্ট্রোক করা একজন অসুস্থ মানুষ। জীবিকার তাগিদে তিনি কষ্ট করে সিএনজি চালিয়ে পরিবার চালাতেন। ঘটনার সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে গেলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো সিএনজিটি পুড়ে ছাই হয়ে যায়। তবে তিনি কোনোভাবে প্রাণে রক্ষা পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর তার একটি সিএনজি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। পরে একটি এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে নতুন করে সিএনজি ক্রয় করেন তিনি। বর্তমানে সেই ঋণের বোঝা মাথায় নিয়েই চলছিল পরিবারটি।

জানা যায়, তার দুই ছেলে ও এক মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করছে এবং আরেকটি মেয়ে রয়েছে প্রতিবন্ধী। একমাত্র আয়ের উৎসটি পুড়ে যাওয়ায় পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছে।

এ ঘটনায় এলাকায় সহানুভূতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে এসে অসহায় এ পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।সহায়তার জন্য যোগাযোগ: ০১৮৩০৪৮৩৯৯২।

সিতাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.