G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

0

অনলাইন ডেস্ক: বাংলাদেশের জন্য কূটনৈতিক অঙ্গনে বড় অর্জন হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আজ মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন।

ভোটের ফলাফলে দেখা যায়, মোট ১৯০ ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের কূটনীতিক আন্দ্রেয়াস এস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে বৈশ্বিক কূটনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের মতামত ও ভূমিকা আরও গুরুত্ব পাবে বলেও ধারণা করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধিত্বকারী অন্যতম গুরুত্বপূর্ণ ফোরাম। এ পরিষদের সভাপতি আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় ও আলোচনা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

খলিলুর রহমানের এ বিজয়কে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.