অনলাইন ডেস্ক: সরকারপ্রধান হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি চলছে।

সরকারি ও কূটনৈতিক সূত্র জানিয়েছে, সফরের বিষয়ে মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে এবং দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি শুরু হয়েছে। সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারত, চীন ও মালয়েশিয়া থেকে সফরের আমন্ত্রণ পেয়েছিলেন তারেক রহমান। তবে আঞ্চলিক ভূরাজনীতি এবং ভারত-চীন প্রতিযোগিতার বাস্তবতা বিবেচনায় প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য তৃতীয় একটি দেশকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো নতুন সরকারের প্রধানের প্রথম বিদেশ সফর শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও কৌশলগত অবস্থানেরও প্রতীক। সেই দৃষ্টিকোণ থেকে মালয়েশিয়াকে বেছে নেওয়া বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের ইঙ্গিত বহন করে।
সফরের আলোচ্যসূচি এখনও চূড়ান্ত না হলেও শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা এবং অর্থনৈতিক সহযোগিতা গুরুত্ব পেতে পারে। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রেও দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত। দুই দেশের মধ্যে বিনিয়োগ ও শিল্প সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া নির্বাচন সরকারের কূটনৈতিক ভারসাম্য রক্ষা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
/এস.টি