রাঙ্গুনিয়া প্রতিনিদি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারিবারিক অভিমান থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইয়াছিন (১২) স্থানীয় একটি মাদ্রাসার ইবতেদায়ী পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়াকুল এলাকায় ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, আসন্ন অর্ধ-বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে ইয়াছিন তার খালার বাড়িতে যেতে চেয়েছিল। তবে তার মা অনুমতি না দেওয়ায় সে মন খারাপ করে।
একপর্যায়ে পরিবারের অগোচরে নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।
পরে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
স্থানীয়দের ভাষ্য, ইয়াছিন শান্ত স্বভাবের একজন শিক্ষার্থী ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
সিতাজ/এস.টি