অনলাইন ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে চীনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের স্বাগত জানায়।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের মন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা সুন মেইজুন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় শিশুদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীর সম্মানে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
রেলস্টেশন থেকে বিশেষ মোটরকেডে করে প্রধানমন্ত্রীকে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালীন সময়ে তিনি ও তাঁর প্রতিনিধিদল সেখানেই অবস্থান করবেন।
এর আগে দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর এই সফরে পররাষ্ট্র, জ্বালানি, প্রতিরক্ষা ও কর্মসংস্থান বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তারাও সঙ্গে রয়েছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মালয়েশিয়া ও চীন সফর তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে গুরুত্ব পাচ্ছে।
সিতাজ/এস.টি