চীন ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক: চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাত ৭টা ৪৫ মিনিটে তাঁকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে চীনের রাজধানী বেইজিং থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টারা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থেকে তাঁকে অভ্যর্থনা জানান।

এই সফরে প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া সফর করেন। পরে চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নেন। সফরের শেষ পর্যায়ে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। আর পড়ুন:তারেক রহমান-লি ছিয়াং বৈঠক
সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। সরকারের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।
সিতাজ/এস.টি