ভাইয়ের হাতে ভাই খুন
রাউজানে উপড়ে পড়া গাছকে কেন্দ্র করে রক্তক্ষয়ী বিরোধ, চাচাতো ভাইয়ের হামলায় ব্যবসায়ীর মৃত্যু
রাউজান উপজেলা প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলায় উপড়ে পড়া একটি গাছের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রাণ গেল এক যুবকের। নিহত মোহাম্মদ আব্দুল মান্নান সওদাগর (৩৭) পেশায় একজন ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার (২৮ জুন) গভীর রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
পারিবারিক সূত্র জানায়, মান্নানের বাড়ি রাউজানের হলদিয়া ইউনিয়নের জানিপাথর এলাকায়। অভিযুক্ত শাহজাহান তার জেঠাতো ভাই। কয়েক সপ্তাহ আগে প্রাকৃতিক দুর্যোগে একটি শিশু গাছ উপড়ে পড়ার পর সেটির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। স্থানীয়ভাবে সালিশ অনুষ্ঠিত হলেও বিরোধের অবসান হয়নি।
গত বৃহস্পতিবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত শাহজাহান কাঠের একটি টুকরা দিয়ে মান্নানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, এটি পূর্বপরিকল্পিত হামলা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
এদিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাউজানে বাড়ছে হত্যাকাণ্ডের উদ্বেগ স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে রাউজানে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে হলদিয়া ইউনিয়নে এটি অল্প সময়ের মধ্যে তৃতীয় হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি করা হচ্ছে। সিরাজ/এস.টি