Take a fresh look at your lifestyle.

ব্রাজিলের হার নিয়ে পোস্ট, ১৫ মিনিট পর মৃত্যু

0

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে হৃদয়বিদারক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ ব্যবসায়ী মো. জুয়েল রানা (২৫)। প্রিয় ফুটবল দল ব্রাজিলের পরাজয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেওয়ার মাত্র ১৫ মিনিট পরই দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

সোমবার (৬ জুলাই) সকালে ব্রাজিলের ম্যাচ শেষ হওয়ার পর জুয়েল রানা নিজের ফেসবুক অ্যাকাউন্টে নেইমারের একটি ছবি শেয়ার করে লেখেন, “দল হারবে, জিতবে; কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।” এরপর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালীর দারোগা বাজার এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। একটি অটোরিকশা ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে সামনের আসনে থাকা জুয়েল রানা গুরুতর আহত হন। দ্রুত তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মুহাম্মদ রেজাউল করিম নামে আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জুয়েল রানা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাসিন্দা। তিনি বাঁশখালী পৌরসভার লতিফ মার্কেটে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন। স্থানীয়দের কাছে তিনি একজন পরিচিত তরুণ উদ্যোক্তা ও ফুটবলপ্রেমী হিসেবেই পরিচিত ছিলেন।

হাসপাতালের চিকিৎসক জানান, দুর্ঘটনায় জুয়েলের বুক ও হৃদপিণ্ডে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

জুয়েলের প্রতিবেশীরা জানান, তিনি শুধু ব্যবসায়ীই নন, একজন দক্ষ ফুটবলারও ছিলেন। কয়েক দিন আগেই স্থানীয় এক টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিতাজ/এস.টি

Leave A Reply

Your email address will not be published.