নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সব অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বোর্ড জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
এদিকে, বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম অঞ্চলের আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে অনেক পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সমস্যা হচ্ছে। তাদের দুর্ভোগ বিবেচনায় নিয়েই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে এর আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা (মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ) ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় সেই স্থগিতাদেশ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো।
সিতাজ২৪/এস.টি