অনলাইন ডেস্ক: শিশু রামিসা আক্তার হত্যা মামলায় বিচার নিয়ে হতাশা প্রকাশ করেছেন তার বাবা আবদুল হান্নান মোল্লা। গণমাধ্যমের সামনে তিনি বলেন, দেশে এমন ঘটনার সঠিক বিচার হওয়ার নজির খুব কম, তাই তিনি আর বিচার চাওয়ার আশা দেখেন না। তার ভাষায়, কিছুদিন আলোচনা চলার পর নতুন কোনো ঘটনা এলে এই ঘটনাটিও ধীরে ধীরে চাপা পড়ে যাবে।
মঙ্গলবার রাজধানীর পল্লবীতে মর্মান্তিকভাবে নিহত হয় শিশু রামিসা আক্তার। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি প্রায় দুই মাস আগে রামিসাদের বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়া ওঠেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে রামিসার মা পাশের ফ্ল্যাটের সামনে তার স্যান্ডেল দেখতে পান। দরজায় বারবার কড়া নাড়লেও ভেতর থেকে দরজা খোলা হয়নি। অভিযোগ রয়েছে, এ সময় ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল এবং মূল অভিযুক্তকে পালানোর সুযোগ করে দিতেই স্ত্রী স্বপ্না দরজা বন্ধ রাখেন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শিশুটি বিকৃত যৌন নির্যাতনের শিকার হয়েছিল। বিষয়টি প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গোপনের উদ্দেশ্যে হাত ও মাথা বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় বলেও জানিয়েছে পুলিশ। তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্ত ও কেমিক্যাল পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
/এস.টি