দীর্ঘ ১২ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বহুল আলোচিত নির্বাচন।
শনিবার নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে মোহাম্মদ আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ১২টি ও অ্যাসোসিয়েট গ্রুপের ৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ট্রেড অ্যাসোসিয়েশন ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের ছয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা বোর্ডের তথ্যমতে, অর্ডিনারি গ্রুপে মোট এক হাজার ৮৪৩টি ভোট পড়ে, যা মোট ভোটের ৪৬ শতাংশ।
অন্যদিকে অ্যাসোসিয়েট গ্রুপে ৮৮২টি ভোট পড়ে, যা প্রায় ৩২ শতাংশের কাছাকাছি।
অর্ডিনারি গ্রুপে নির্বাচিত হয়েছেন মো. আমজাদ হোসাইন চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির, আবু হায়দার চৌধুরী,
মোহাম্মদ শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান ও শহিদুল আলম।
অন্যদিকে অ্যাসোসিয়েট গ্রুপে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ মশিউল আলম স্বপন, সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম ও মো. সেলিম নুর।
এছাড়া ট্রেড অ্যাসোসিয়েশন গ্রুপে প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক, এসএম সাইফুল আলম ও মোহাম্মদ আকতার পারভেজ এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মোহাম্মদ মনির উদ্দিন ও আফসার হাসান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম জানান, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে ভোট গণনা শেষে ইউনাইটেড বিজনেস ফোরামের পূর্ণ প্যানেলের বিজয় ঘোষণা করা হয়।
দীর্ঘদিন পর সরাসরি ভোটের এ নির্বাচন ব্যবসায়ী সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন নেতৃত্ব চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা।
/এস.টি