G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপিকে জানানো হয়নি: আসিফ

0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগে থেকে অবগত ছিল না বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার ভাষ্য, চুক্তি স্বাক্ষরের আগে দলটির মতামত বা উদ্বেগ নেওয়া হয়নি।

মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে চুক্তিটি সম্পন্ন করা হয়েছে। অনেকের দাবি ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে, তবে এনসিপির ক্ষেত্রে এমন কিছু হয়নি বলে জানান তিনি। দলের আহ্বায়কসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেও তারা এ বিষয়ে কোনো পূর্বতথ্য পাননি বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা, যিনি বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, তিনি বিএনপির সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন কি না—এ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

তার দাবি, চুক্তি সম্পন্নের জন্য তিন মাস সময় থাকলেও সরকার এক মাসের মধ্যেই তা সম্পন্ন করেছে। ফলে রাজনৈতিকভাবে দায় এড়ানোর উদ্দেশ্যে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—সেই প্রশ্নও সামনে এসেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্যচুক্তির দায় বিএনপির ওপরও চাপান আসিফ মাহমুদ। তিনি বলেন, নির্বাচনের আগে এই চুক্তি বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব ছিল বলে তাদের ধারণা।

সংবাদ সম্মেলনে ‘কিচেন ক্যাবিনেট’ প্রসঙ্গেও কথা বলেন এনসিপির মুখপাত্র। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে এমন একটি অনানুষ্ঠানিক গোষ্ঠীর অস্তিত্ব নিয়ে আলোচনা থাকলেও তিনি নিজে এর সদস্য ছিলেন না।

প্রসঙ্গত, সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি সীমিত পরিসরের বৈঠকে নেওয়া হতো, যাকে অনেকে ‘কিচেন ক্যাবিনেট’ হিসেবে উল্লেখ করতেন। তিনি জানান, সেখানে নিয়মিত বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে পরে জানতে পেরেছিলেন।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.