G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

জিয়াউর রহমানের আদর্শ ও কর্মদর্শন নতুন প্রজন্মের প্রেরণার উৎস: প্রেসিডেন্ট সাহাবুদ্দিন

0

নিউজ ডেস্ক:  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন। বাণীতে প্রেসিডেন্ট বলেন, জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা, নেতৃত্বগুণ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার চিন্তাধারা আজও জাতির জন্য প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

প্রেসিডেন্ট উল্লেখ করেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মর্মান্তিক ঘটনায় শহীদ হওয়া জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে বিশেষভাবে পরিচিত।

বাণীতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়ে জিয়াউর রহমান জাতিকে সাহস ও দিকনির্দেশনা দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।

স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও সংকটময় সময়ে দেশের নেতৃত্ব গ্রহণ করে জিয়াউর রহমান জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছিলেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে বাণীতে তুলে ধরা হয়।

প্রেসিডেন্ট আরও বলেন, কৃষি উন্নয়ন, খাল পুনঃখনন, খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পরিবার পরিকল্পনা এবং গণশিক্ষা সম্প্রসারণের মতো কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান সাধারণ মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করেছিলেন। তাঁর ঘোষিত ১৯ দফা কর্মসূচি একটি উৎপাদনমুখী ও আত্মনির্ভর রাষ্ট্র গঠনের রূপরেখা হিসেবে বিবেচিত হয়।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তিনি মুসলিম বিশ্ব, দক্ষিণ-পূর্ব এশিয়া, China এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

বাণীর শেষাংশে প্রেসিডেন্ট বলেন, জিয়াউর রহমানের সাদাসিধে জীবনযাপন, দৃঢ় নেতৃত্ব, সততা এবং বাস্তবমুখী রাষ্ট্রচিন্তা দেশের মানুষের হৃদয়ে দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি মহান আল্লাহর কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা প্রার্থনা করেন।

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.