ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখাতে পারে বিটিভি
ফিফার সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা
অনলাইন ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারের জন্য আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। আলোচনা সফল হলে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির পর্দায় বিনামূল্যে বিশ্বকাপের খেলা দেখতে পারবেন দেশের দর্শকরা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রচারস্বত্ব সংক্রান্ত বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে ফিফার সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। বর্তমানে বিষয়টি মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আলোচনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়। আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হতে পারে।
এবারের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তিন দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসর। এবার প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে বিশ্বকাপে।
জানা গেছে, বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব আগে থেকেই একটি সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠানের কাছে রয়েছে। তবে সরকারের সঙ্গে ফিফার আলোচনায় ইতিবাচক অগ্রগতি হলে বিটিভিও সরাসরি ম্যাচ সম্প্রচারের সুযোগ পেতে পারে।
ফলে দেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য বিশ্বকাপ উপভোগ করা আরও সহজ ও সুলভ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/এস.টি