G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

হরমুজ প্রণালির মাইন অপসারণে বাইরের সহায়তা প্রয়োজন নেই: ইরান

0

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিকে মাইনমুক্ত করার কাজে কোনো বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলে জানিয়েছে ইরান। দেশটির দাবি, এ বিষয়ে প্রয়োজনীয় সক্ষমতা তাদের রয়েছে এবং বাইরের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং মাইন অপসারণের দায়িত্ব ইরান নিজেই পালন করতে সক্ষম। তাই এ প্রক্রিয়ায় অন্য কোনো দেশের অংশগ্রহণের প্রয়োজন নেই।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক একটি সমঝোতা স্মারকের আওতায় ইরান উপসাগরীয় অঞ্চল থেকে ওমান সাগর পর্যন্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছে। এই ব্যবস্থার আওতায় নির্দিষ্ট সময়ের জন্য জাহাজ চলাচলে সহায়তা দেওয়া হবে এবং প্রয়োজনীয় কারিগরি ও সামরিক প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি ধাপে ধাপে মাইন অপসারণের কাজ সম্পন্ন করা হবে।

ইসমাইল বাঘাই আরও বলেন, এই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে। তাঁর ভাষ্য, রাজনৈতিক পর্যায়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং বিষয়টি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই:ছবি ফাইল
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই :ছবি ফাইল

ইরানের এই বক্তব্য এসেছে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর এক ঘোষণার পর। তিনি জানান, ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিকে মাইনমুক্ত করতে এবং আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে ইরান পুনর্ব্যক্ত করেছে, উপকূলীয় রাষ্ট্র হিসেবে হরমুজ প্রণালির নিরাপত্তা, মাইন অপসারণ এবং সামুদ্রিক চলাচল ব্যবস্থাপনার দায়িত্ব তাদের সমন্বয়েই পরিচালিত হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

সিতাজ/এস.টি/এম.কে

Leave A Reply

Your email address will not be published.